স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফতুল্লার চৌধুরীবাড়ি পারিবারিক মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যবস্থাপনায় এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে গ্রীন আই হসপিটাল, নারায়ণগঞ্জ এবং প্রত্যয় ফাউন্ডেশন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী ক্যাম্পে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার ও বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন।
এছাড়া অনুষ্ঠানে কাজী সফিউল আলম কালাম, মো. হাবিব, রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানকারী গ্রীন আই হসপিটালের চিকিৎসকরা জানান, দিনব্যাপী কার্যক্রমে তিন শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।
ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী বলেন, “খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এসব কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।”
আয়োজকরা জানান, মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের স্মৃতিকে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...