কদমরসুল সেতুর নির্মাণকাজে বাধা সৃষ্টির অভিযোগ, ধর্মীয় অনুভূতিকে ঢাল করার অপচেষ্টা!
রেলের জমি দখল ও চাঁদাবাজির স্বার্থ রক্ষায় কথিত মাজারকে কেন্দ্র করে নতুন বিতর্ক
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহর ও বন্দরের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত কদমরসুল সেতুর নির্মাণকাজ বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শহরের চারারগোপ থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত রেলের সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে অর্থ আদায়ের সঙ্গে জড়িত একটি চক্র নিজেদের স্বার্থ রক্ষায় একটি কথিত মাজারকে ইস্যু হিসেবে সামনে নিয়ে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও ব্যবসাকেন্দ্র গড়ে তোলার মাধ্যমে একটি প্রভাবশালী মহল প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছে। কদমরসুল সেতুর নির্মাণকাজ বাস্তবায়িত হলে এসব অবৈধ কর্মকাণ্ড ও অর্থ আদায়ের পথ সংকুচিত হওয়ার আশঙ্কা থেকেই চক্রটি সেতুর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর নির্মাণকাজ শুরুর আগে থেকেই নানা অজুহাতে প্রকল্পটি বন্ধের চেষ্টা চালানো হয়। তবে শহর ও বন্দরের সাধারণ মানুষের ব্যাপক সমর্থন এবং প্রতিবাদের মুখে সেই চেষ্টা সফল হয়নি। পরবর্তী সময়ে বিভিন্নভাবে নির্মাণকাজে বাধা সৃষ্টির চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ধর্মীয় অনুভূতিকে সামনে এনে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
বিষয়টি নিয়ে অনেকেই কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী উপন্যাস ‘লালসালু’-এর কথা স্মরণ করছেন। উপন্যাসটিতে ধর্মভীরু সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে কথিত মাজারকে কেন্দ্র করে মজিদ চরিত্রের স্বার্থসিদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। সচেতন মহলের মতে, কোনো স্থাপনা বা ধর্মীয় আবেগকে ব্যক্তিস্বার্থ কিংবা অবৈধ সুবিধা রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা সমাজ ও ধর্মীয় মূল্যবোধ—উভয়ের জন্যই উদ্বেগজনক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর দুই তীরের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবের লক্ষ্যে গত বছরের শেষ দিকে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩৮৫ মিটার দীর্ঘ কদমরসুল সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০২৮ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক মানের আধুনিক নকশায় নির্মিতব্য দেশের প্রথম কেবল-স্টেড বা ঝুলন্ত সেতুটি চালু হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যানজট নিরসন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খোঁজ নিয়ে জানা যায়, সেতুর পশ্চিম প্রান্তে শহর এলাকায় নির্মাণকাজ বাস্তবায়নে একটি স্থাপনাকে কেন্দ্র করে আপত্তি ও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিশেষ করে কালীরবাজারের চারারগোপ এলাকায় সড়কের মাঝখানে সরকারি জায়গায় অবস্থিত একটি কথিত মাজারকে কেন্দ্র করে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এই স্থাপনাকে সামনে রেখে সেতুর নির্মাণকাজ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তাদের মতে, এর পেছনে অবৈধ দখল ও অর্থনৈতিক স্বার্থ জড়িত কি না, তা প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।
এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দার দাবি, ওই স্থানে কোনো সুফি-সাধক, অলিআউলিয়া কিংবা ধর্মীয় ব্যক্তিত্বের কবর বা ঐতিহাসিক মাজারের অস্তিত্ব সম্পর্কে তারা অবগত নন। তাদের ভাষ্য, প্রায় তিন দশক আগেও সেখানে মাজারসদৃশ কোনো স্থাপনা ছিল না। বরং গত এক দশকে কয়েক দফায় অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে স্থাপনাটিকে মাজারের রূপ দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। তবে এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ইতিহাস ও স্থাপনার বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্প্রতি কদমরসুল সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের উপস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গণমাধ্যমের সামনে ওই স্থানে মাজারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং সেখানে কোনো মাজার নেই বলে বক্তব্য দেন।
সচেতন মহলের মতে, কোনো স্থাপনার ধর্মীয় পরিচয় ও ঐতিহাসিক সত্যতা অবশ্যই যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। তবে সরকারি জায়গা দখল করে সড়কের মাঝখানে কোনো স্থাপনা রেখে বৃহত্তর জনস্বার্থে নেওয়া একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত করা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের বিরোধের ক্ষেত্রে আইন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সমাধান হওয়া উচিত।
নারায়ণগঞ্জ শহর ও বন্দরের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ নিরসনে কদমরসুল সেতু এখন আর শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি দুই পাড়ের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক। তাই ব্যক্তিস্বার্থ, অবৈধ দখল কিংবা কোনো ধরনের প্রভাব বিস্তারের কারণে এই জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রযাত্রা থেমে যাক—এমনটি চান না সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি, প্রকল্পের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুততম সময়ে সেতুর নির্মাণকাজ নির্বিঘ্নে এগিয়ে নেওয়া হোক।
আপনার মন্তব্য প্রদান করুন...