জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংবাদ সংগ্রহে ছুটে বেড়ানো ফটোসাংবাদিক কচি আজ শয্যাশায়ী, সুস্থতায় দেশবাসীর কাছে পরিবারের দোয়া প্রার্থনা
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
একসময় ক্যামেরা হাতে নারায়ণগঞ্জ জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংবাদ সংগ্রহের জন্য ছুটে বেড়াতেন। কোথাও দুর্ঘটনা, কোথাও রাজনৈতিক কর্মসূচি, মিছিল-মিটিং কিংবা সামাজিক ও মানবিক কোনো ঘটনা—সংবাদ পেয়ে সবার আগে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা ছিল তাঁর নিত্যদিনের কাজ। পেশাগত দায়িত্ব পালনে যিনি দিনের পর দিন মাঠে কাটিয়েছেন, সেই পরিচিত মুখ সিনিয়র ফটোসাংবাদিক মাহমুদ হাসান কচি আজ দুরারোগ্য শারীরিক জটিলতায় শয্যাশায়ী। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্পাইনাল কর্ডের জটিল রোগে আক্রান্ত মাহমুদ হাসান কচি। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁর দুই পা প্রায় অবশ হয়ে গেছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। দিনের অধিকাংশ সময় বিছানায় শুয়ে কাটাতে হচ্ছে তাঁকে। একসময় যে মানুষটি ক্যামেরা হাতে নারায়ণগঞ্জের অলিগলি থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছুটে বেড়িয়েছেন, মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও নানা ঘটনার ছবি ধারণ করেছেন, আজ তিনিই অসহায়ভাবে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। ইচ্ছা থাকলেও আগের মতো সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যেতে পারছেন না।
দীর্ঘদিনের এই অসুস্থতা তাঁকে শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও অনেকটা বিপর্যস্ত করে তুলেছে। সাংবাদিকতার মাঠে সহকর্মীদের সঙ্গে কাটানো ব্যস্ত দিনগুলো আজ তাঁর কাছে শুধুই স্মৃতি। তবে শারীরিক যন্ত্রণা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহান আল্লাহর প্রতি তাঁর ঈমান, বিশ্বাস ও আস্থা বিন্দুমাত্র কমেনি। বরং আল্লাহর রহমতের ওপর ভরসা রেখেই সুস্থতার প্রত্যাশায় দিন কাটাচ্ছেন তিনি।
এদিকে মাহমুদ হাসান কচির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজ, বিভিন্ন নিউজ পোর্টাল, প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ও সহমর্মিতা দেখা দেয়। তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন মহল থেকে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হচ্ছে। পাশাপাশি দেশবাসীর প্রতিও তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা। জীবনের চলার পথে কারও সঙ্গে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
অসুস্থ অবস্থায়ও মহান আল্লাহর প্রতি অটল বিশ্বাস রেখে অশ্রুসিক্ত কণ্ঠে মাহমুদ হাসান কচি বলেন, “ইয়া আল্লাহ, যতই পরীক্ষা দাও, আমি জানি ইনশাআল্লাহ আমি পাশ করবই। আমি জানি, এটা আমার জীবনের আরও একটি পরীক্ষা মাত্র। এর আগেও বহু পরীক্ষা দিয়েছি। এর চেয়েও বড় পরীক্ষায় যখন আপনার রহমতে উত্তীর্ণ হয়েছি, এবারও ইনশাআল্লাহ হব। আপনার প্রতি শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না। আমি নাদান, মুনাফেক, নাফরমান; আর আপনি রহমাতুল্লিল আলামিন, পরম মেহেরবান। আমি একমাত্র আপনার ওপরই ভরসা করি। হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।”
একজন সংবাদকর্মীর জীবনে ক্যামেরা শুধু পেশার উপকরণ নয়, এটি তাঁর স্বপ্ন, ভালোবাসা ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেই ক্যামেরা হাতে আবারও নারায়ণগঞ্জের পথে-প্রান্তরে ফিরে আসার স্বপ্ন নিশ্চয়ই দেখছেন মাহমুদ হাসান কচি। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
আসুন, আমরা সবাই এই অসুস্থ সাংবাদিক ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি। মহান আল্লাহ তায়ালা যেন মাহমুদ হাসান কচির সব শারীরিক কষ্ট দূর করে তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস ধারণের তৌফিক দেন।
আমিন, ইয়া রব্বুল আলামিন।
আপনার মন্তব্য প্রদান করুন...