বন্দর সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, সভাপতি ইউসুফ আলী প্রধান ও সম্পাদক শেখ সুমন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার প্রতিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বন্দর সাংবাদিক ইউনিয়ন’। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি ইউসুফ আলী প্রধান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমাচার পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান সুমন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বন্দরের মদনপুর এলাকার গার্ডেনিয়া রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘কলম হোক সত্যের হাতিয়ার, এগিয়ে যাক বন্দর সাংবাদিক ইউনিয়ন পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক আসাদুল ইসলাম সাহিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেরদৌস ফরাজী। পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, পারস্পরিক ঐক্য, অধিকার প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বন্দর প্রেসক্লাবের সেক্রেটারি মাহফুজ জাহিদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম সাহিন, সাংবাদিক আব্দুস সালামসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে নতুন সংগঠনের নেতৃত্ব ঘোষণা করেন মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন। এ সময় সভাপতি হিসেবে ইউসুফ আলী প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান সুমনের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা জোরদারের পাশাপাশি পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় একটি কার্যকর সংগঠনের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। বন্দর সাংবাদিক ইউনিয়ন সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা আরও আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে বন্দরসহ নারায়ণগঞ্জের সাংবাদিকতা জগতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য প্রদান করুন...