বন্দরে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অভিযানে মোট সাতজন আসামি গ্রেপ্তার হয়েছেন।
বন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ২টা ১৫ মিনিটের দিকে বন্দর থানার কামতাল এলাকার ললিত সাধু মোহিনী আশ্রয়কেন্দ্রের উত্তর পাশে মো. নয়ন শেখের বাড়ির সামনে ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বন্দর থানার চিড়াইপাড়া (মজমপুর) এলাকার মো. জুলহাসের ছেলে।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সুজন, রাজন, মো. ফয়সাল, নাঈম আহম্মেদ, মো. আবুল হোসেন ও আল আমিন (১৯) নামে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সুজন ও রাজন বন্দর থানার ফুলহর এলাকার বাসিন্দা। মো. ফয়সাল নবীগঞ্জ এলাকার বাসিন্দা, নাঈম আহম্মেদ সোনাকান্দা এলাকার, মো. আবুল হোসেন ফুলহর এলাকার এবং আল আমিন পশ্চিম হাজীপুর এলাকার বাসিন্দা।
বন্দর থানার এসআই (নিঃ) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...