জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের একটি বৃহৎ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
বন্দর উপজেলা পরিষদ চত্বর এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের অদূরে একটি সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং সংশ্লিষ্ট ভূমি অফিস এলাকাগুলোতে প্রতি বছর দুই হাজার করে মোট ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুধু একটি সরকারি উদ্যোগ নয়, এটি পরিবেশ রক্ষায় একটি সামাজিক আন্দোলন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. শাহজাহান মোল্লা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বন্দর উপজেলায় সবুজায়ন বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য প্রদান করুন...