দূষণমুক্ত সবুজ নগরীর পথে নারায়ণগঞ্জ, রোপণ হবে ৫১ হাজার গাছ- শাখাওয়াত -নাসিক প্রশাসক
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জকে সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ৫১ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এই কর্মসূচির মাধ্যমে নগরীর বিভিন্ন সড়ক, খোলা জায়গা ও উপযুক্ত স্থানে ব্যাপকহারে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন নাসিকের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশপাইপ পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাসিক প্রশাসক বলেন, “আমাদের আগামী প্রজন্ম যেন একটি সুস্থ, সুন্দর ও সবুজ নারায়ণগঞ্জ সিটি দেখতে পায়—এটাই আমাদের লক্ষ্য। ৫১ হাজার গাছ রোপণের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি গ্রিন সিটিতে পরিণত করতে চাই।”
তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। নগরবাসী নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে এলে নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব নগরীতে রূপ দেওয়া সম্ভব।
সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, একটি শহরের সৌন্দর্য শুধু দালানকোঠা ও সড়কের উন্নয়নের ওপর নির্ভর করে না। পর্যাপ্ত সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য একটি আধুনিক নগরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গাছ নগরবাসীকে ছায়া দেওয়ার পাশাপাশি অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নাসিক প্রশাসক বলেন, “এই উদ্যোগকে সফল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ূন কবির, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওদুদ সাগর, মিনহাজ মিঠুসহ ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে ৫১ হাজার গাছ রোপণ ও পরবর্তী সময়ে সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে নারায়ণগঞ্জের নগর পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপনার মন্তব্য প্রদান করুন...