বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় দুইজনসহ গ্রেপ্তার ৬
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামি, ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটে বন্দর থানাধীন ফুলহর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি মো. আমজাদ হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি মো. সুজন মীর (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে যুবলীগের সক্রিয় নেতা হিসেবে উল্লেখ করেছে।
এ ছাড়া বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে সোনাচড়া এলাকার বুলবুল পট্টিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কবির হোসেন মেম্বার ওরফে ‘ফেন্সি কবির’ (৪৩)কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, গ্রেপ্তারি পরোয়ানামূলে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে সজিব (২৯), মো. সোলাইমান হোসেন অনিক এবং রিংকি (২৭) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...