বন্দরে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ অস্ত্র উদ্ধার
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক অভিযানে চুরি, মারামারি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন মামলায় মোট সাত আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ জোন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ১৬ আগস্ট রাত ২টা ৫ মিনিটের দিকে বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে মো. ইব্রাহিম খলিলুল্লাহ (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চিতাশাল কবরস্থান এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি মামলার অভিযোগ রয়েছে।
এর আগে ১৫ আগস্ট রাত ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার দেউলি এলাকা থেকে মো. আসলাম (৩০) ও মো. জুয়েল (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা পূর্বের মারামারি মামলার আসামি।
এদিকে, ১৪ আগস্ট সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বন্দর থানার মদনপুর এলাকার খাদিজা ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি লালবাগ জোন, ডিএমপি। এ সময় অস্ত্রসহ মো. ইলিয়াছ সিকদার (৩৭) ও জাফর (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দ করা অস্ত্রসহ তাদের বন্দর থানায় হস্তান্তর করে সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ১৫ আগস্ট দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে হাফেজা বেগম (৫০) নামে এক নারীকে তার বসতঘর থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদক মামলায় বন্দর থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সাগর হোসেন হৃদয়কে বন্দর থানার শাহী মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাত আসামির বিরুদ্ধে পৃথক মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...