নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। শনিবার (২৬ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পরে তিনি একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একই দিনে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলা ও ইউনিয়নে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ অংশ নেন।
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জেলার সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।
আপনার মন্তব্য প্রদান করুন...