কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে ডাঃ অসীমকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন ডাঃ অসীম। তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাঃ অসীম বলেন, “প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে ৪নং ওয়ার্ডের ভোটার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে মেম্বার পদপ্রার্থী হিসেবে বিবেচনা করছেন। আমি একজন ক্ষুদ্র মানুষ। কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এনায়েতনগরে আমার জন্ম। এই মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।”
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের অধিকার আদায় ও সামাজিক কল্যাণে কাজ করেছি। এবার ৪নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”
ডাঃ অসীম আরও বলেন, “আমি যেহেতু একটি সেবামূলক পেশার সঙ্গে যুক্ত, তাই তৃণমূলের মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, অবকাঠামোসহ প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্ব দেব। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে কাজ করব।”
তিনি জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। পাশাপাশি বিভিন্ন মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
ডাঃ অসীম বলেন, “৪নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি জনকল্যাণমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
শেষে তিনি ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও ভোটারদের কাছে দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...