নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মত বিনিময়। অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি।
মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানাল জেলা পুলিশ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, যানজট নিরসন, ওয়াসার সেবার মানোন্নয়নসহ জেলার নাগরিক অধিকার রক্ষায় ফোরামের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।
সভায় ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের চলমান কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেড় হাজারের বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে পুলিশের একার পক্ষে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নাগরিকদের অধিকার রক্ষায় পুলিশ সবসময় পাশে থাকবে। অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শামীম হোসেন।
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, সহ-সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ আলী, হাফেজ মো. কবির, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ রানা, সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম কামরুল হাসান বাবুল, অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেলিম আহাম্মদ, প্রচার সম্পাদক শরীফ সুমন, সদস্য স্বপন চৌধুরী ও অহিদুর রহমান আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
সভায় নাগরিক অধিকার সংরক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে পুলিশ ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...