মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে রিকশার গ্যারেজ লুটের ঘটনায় দায়ের করা মামলা তুলে না নেওয়ার জের ধরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান বুলবুল সালেহনগর এলাকার রাজা মাস্টারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান আন্দোলনে অংশ নেওয়াকে কেন্দ্র করে বুলবুলের রিকশার গ্যারেজে লুটপাট চালানো হয়। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন বুলবুল। মামলা দায়েরের পর থেকেই সেটি প্রত্যাহারের জন্য তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ স্বজনদের।
পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে সিফাত ও তার সঙ্গে থাকা কয়েকজন আবারও মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। এ সময় বুলবুলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বুলবুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বুলবুল হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। হত্যার প্রতিবাদে সাধারণ জনগণ শাহী মসজিদ এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করেন। পরে বিক্ষুব্ধ জনতা সড়কে বিক্ষোভ মিছিল বের করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহতের স্বজন ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আপনার মন্তব্য প্রদান করুন...