স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি আটক
বন্দর প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রদলের ২৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি আপেল মারুফকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মদনপুর এলাকা থেকে তাকে আটক করেন ধামগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম।
আটকের বিষয়টি নিশ্চিত করে এসআই মফিজুল ইসলাম জানান, “তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন ওসি সাহেব।”
এদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি লিয়াকত আলী) বলেন,“আপেল মারুফ নামের একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় আনা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্কুলছাত্রীকে অপহরণ করে বিয়ে করতে চাওয়ার অভিযোগে রবিবার (২৬ অক্টোবর) রাতে মেয়েটির মা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, রাজি না হওয়ায় আপেল মারুফ ওই স্কুলছাত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং পরে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যাতে পরিবারকে ব্ল্যাকমেইল করা যায়।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, “ঘটনার দিন আমি খবর শুনে অসুস্থ হয়ে পড়লে আমাকে ঢাকায় বনশ্রির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন আমার স্বামীও মদনপুর মার্কেটে অসুস্থ হয়ে পড়লে তাকে বারাকহ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।”
তিনি আরও জানান, “আপেল মারুফের ভাই মোমেন ও আল-আমিন লিখিতভাবে আমাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন, এই শর্তে যে আমরা আর পুলিশের কাছে যাব না। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও মেয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে এবং নানা অপবাদ লিখে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।”
বন্দর থানা সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আপেল মারুফকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...