কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: নারী জাগরণের অগ্রদূত, বিশিষ্ট কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন আঙ্গুরা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বাবুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক ও বন্দর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডি. এম. মাঈনুদ্দিন, BHDS ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়ানুর তালুকদার, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কবির হোসেন, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, হাফেজ মাওলানা মো. আল আমিন, জেলা কমিটির সদস্য কবি সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন BHDS ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী মো. রবিউল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কবি বেগম সুফিয়া কামাল ছিলেন নারী জাগরণ, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁর আদর্শ, সাহিত্যকর্ম ও সমাজ পরিবর্তনে অবদান আজও প্রজন্মের জন্য প্রেরণার উৎস। বক্তারা বলেন, তাঁর নেতৃত্ব ও সাহসিকতায় বাঙালি নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে এবং আজ দেশের উন্নয়ন-অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রধান আলোচক মো. মোমেন ইসলাম বলেন, কবি বেগম সুফিয়া কামালের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নিয়মিতভাবে জাতীয় দিবস, গুণীজনদের জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছে।
আলোচনা শেষে কবি বেগম সুফিয়া কামালের জীবন ও কর্মের ওপর কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশিত হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...