১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে: জেলা প্রশাসক মো. রায়হান কবির
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি একটি অভ্যাস। ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যদি নিজেরা পরিচ্ছন্ন থাকে এবং নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, তাহলে সেই ইতিবাচক প্রভাব পরিবার, সমাজ এবং পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়বে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থীরাই সবচেয়ে বড় পরিবর্তনের দূত হতে পারে। তাই তাদের মধ্যে ছোটবেলা থেকেই দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, এ কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে তোলা এবং তাদের মাধ্যমে পরিবার ও সমাজে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া। তিনি জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভা, পরিচ্ছন্নতা বিষয়ক উদ্বুদ্ধকরণ কার্যক্রম, পোস্টারিং, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুধু বিদ্যালয় চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখাই নয়, শিক্ষার্থীরা যেন নিজ নিজ পরিবার ও আশপাশের মানুষকেও পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ পরিচ্ছন্নতা অভিযান একটি চলমান কর্মসূচি। পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকেও এ কার্যক্রমের আওতায় আনা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলবে এবং ভবিষ্যতে একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য প্রদান করুন...